ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি রাজ্যে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ওয়াজিদ আলি শাহর স্মৃতি বিজড়িত মেটিয়াবুরুজে এক সভায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মরে গেলেও রাজ্যে একটা দাঙ্গা করতে কাউকে দেব না।'
মমতা অভিযোগ করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
এ সময় তিনি আরও বলেন, ‘মোদী ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদী আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেব না'।
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ প্রসঙ্গে মমতা বলেন, ‘লোকজন ভাবে আমি মুসলমানদের তোষণ করি। আচ্ছা বলুন তো তোষণ মানে কী? মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এই রাজ্যের অংশ। কেন এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি?
মমতা আরও বলেন, শুধুমাত্র তার পরিবারের সদস্য বলেই অভিষেককেও নিশানা করা হচ্ছে। তার নামে নানা রকম অসত্য প্রচার করা হচ্ছে।
পরে উত্তর চব্বিশ পরগনা বিড়লাপুরে অপর এক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে মোদীকে ক্ষমতাচ্যুত করতে হবে। আমি বার বার রাজ্যের সমস্ত আসনে জিততে চেয়েছি। তার একটাই কারণ, যাতে নতুন সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলা নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে পারে।