আন্তর্জাতিক হকি অঙ্গনে পা রাখতে যাচ্ছে মেয়েরা

হকির আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের ছেলেদের পথচলা অনেক দিনের হলেও এই খেলায় মেয়েদের অবস্থান একেবারেই আঁতুড়ঘরে। বাংলাদেশের মেয়েদের কোনো জাতীয় দল কখনই গঠিত হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নিয়েই উদ্যোগ নিয়েছে দল গঠনের। এ লক্ষ্যে গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। গত দুই বছরে বিভিন্ন ঘরোয়া আয়োজনে অংশ নেওয়া ৫০ জন মেয়ে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে বসবে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপের বাছাই পর্ব। এই আসরকে সামনে রেখেই দল গঠন প্রক্রিয়া শুরু হয়েছে কোচ হেদায়েতুল ইসলাম রাজীবের অধীনে। মূলত এই ক্যাম্পের উদ্যোগটা নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিদপ্তর। মার্চে ৩৫ জনকে নিয়ে ১৫ দিনের একটি ক্যাম্পও করেছিল তারা। এবার হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় হচ্ছে এই ক্যাম্প। কোচ রাজীব জানান, ‘মূলত অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টকে সামনে রেখেই এই ক্যাম্পটা শুরু করেছি। এই ক্যাম্পে বেশিরভাগ মেয়ের বয়স ১৬-এর বেশি। ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমসে খেলা মেয়েদের সংখ্যাই এখানে বেশি। এছাড়া দেশব্যাপী প্রতিভা অন্বেষণ ও গত নভেম্বরে মহিলা হকি চ্যাম্পিয়নশিপ থেকেও কিছু খেলোয়াড় বাছাই করা হয়েছে।’