৬ মে সন্ধ্যা সাড়ে ৭টা। রমজানের প্রথম তারাবির প্রস্তুতি নিচ্ছিলেন নার্স শাহিনুর আক্তার তানিয়ার বাবা। তখনই বাবাকে ফোন করে তানিয়া জানান, কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি ফিরছেন। পরে বাবা জানতে পারেন, তারাবি চলাকালীন তার মেয়ে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ধর্ষণের প্রধান সন্দেহভাজন বাসচালক নুরুজ্জামান নুর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, রাত সাড়ে ৮টার দিকে তাদের সংঘবদ্ধ দল তানিয়াকে ধর্ষণের পর হত্যা করে।
ঠিক একই সময়ে রাজধানীর শেরেবাংলা নগর থানার বাসিন্দা কিশোরী চাঁদনি আক্তারকে (১৪) তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। চাঁদনির মামি মিনারা বেগম থানায় অভিযোগ করেন, গত ৬ মে রাত ৮টার দিকে তার ভাগ্নি চাঁদনি মুদি দোকানে কেনাকাটার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই অপহরণকারীরা গাড়িতে তুলে নিয়ে গেছে।
এভাবে গত ৬ থেকে ১২ মে পর্যন্ত রমজানের এক সপ্তাহের পুলিশ প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তার অধিকাংশ হয়েছে ইফতারির পর নির্জন ফাঁকা রাস্তায়। বিশেষ করে রাত ৮টার পর থেকে বেশ কয়েকটি অপহরণ, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনায় মামলা হলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। তবে এই সময়ে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে দুটি চক্র গ্রেপ্তার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওইসব প্রতিবেদনে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদকে সামনে রেখে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে তারাবির নামাজের সময় ফাঁকা ও নির্জন রাস্তায় অপহরণ, ছিনতাই ও ডাকাতি বেশি হয়।’
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান দেশ রূপান্তরকে জানান, রমজানে ইফতারি ও নামাজের সময় নগরীর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকায় সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে অপরাধীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ আছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ৭ মে রাত সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন নবোদয় সোসাইটি এলাকার ৯/এ রোডের ১ নম্বর বাসার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফাঁকা রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে পথচারী মনছুর রহমানের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭৯০ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় মনছুর থানায় মামলা করেন।
মনছুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ঘটনার সময় আশপাশের মসজিদে তারাবির নামাজ চলছিল। কিন্তু রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না। এমনকি পুলিশের টহলও ছিল না।
রমজান মাসে নগরবাসীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টহল পুলিশ ও চেকপোস্ট বাড়িয়ে সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রমজানের শুরুতেই গণমাধ্যমকে কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানায় রেকর্ডভুক্ত অভিযোগ থেকে জানা যায়, গত ৭ দিনে রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত
২০টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। অপহরণের ঘটনা ঘটেছে তিনটি; চাঁদাবাজির অভিযোগ আছে ৭টি।
ডিএমপির জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, রমজানের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অপহরণ বেড়ে গেছে। প্রকৃতপক্ষে যতসংখ্যক অপরাধের ঘটনা ঘটে, তার যৎসামান্যই থানায় রেকর্ড করা হয়। বিষয়টি বিবেচনায় রেখেই অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
উত্তরার ব্যবসায়ী বিজয় সাহা থানায় অভিযোগ করেন, গত ৮ মে রাতে তারাবির সময় তার কাছ থেকে স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে ও হত্যার হমকি দিয়ে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। আরও ৪ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তিনি উত্তরা পশ্চিম থানায় করা মামলার এজাহারে জানান, ৯ নম্বর সেক্টরের ৩/বি রোডের ২৯ নম্বর বাসার সামনে এসে সফিকুল (৩৪), রাহাত (২৩), হাসিবুর রহমান (২৪) ও সুইটি (২৫) নামে ‘স্থানীয় সন্ত্রাসীরা’ অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। উত্তরা পশ্চিম থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
৮ মে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোডের পানির ট্যাংকের মাঠের পূর্ব কোণ থেকে মুন্না (২২) ও সুজন (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এসআই মেজবাহ উদ্দিন জানান, এ দুই যুবক ওই রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ওই রাতে প্রায় একই সময়ে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার ১১৪ নম্বর বাসার সামনে থেকে জ্যোতি আক্তার নামে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। জ্যোতির বাবা ইউনুছ আলী মামলা এজাহারে বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
৮ মে রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানাধীন ডেমরা-রামপুরা লিংক রোডের মোস্তা মাঝির মোড়ে ব্যবসায়ী সুধাংশু মজুমদারের গাড়ি থামিয়ে অজ্ঞাতনামা দুই-তিন সন্ত্রাসী মাইক্রোবাস ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ১২ মে মামলা হয়। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার কিংবা ওই গাড়ি উদ্ধার হয়নি। ১০ মে রাত সাড়ে ৮টার দিকে শিল্পাঞ্চল থানাধীন পদ্মা পলিটেকনিক নীড ফেব্রিক্স লিমিটেডের সামনে মুক্তার হোসেন নামে আরও এক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।