‘নাটকের মান খারাপ হলে ইউটিউবে এত ভিউ হতো না’

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা অ্যালভিন। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে।

সাম্প্রতিক কাজ?

এখন বেশ কিছু সিরিয়াল করছি। ওয়েব সিরিজেও কাজ করেছি। আরও কিছু নতুন সিরিয়ালে কাজ শুরু করব শিগগিরই।

তিন বছরের ক্যারিয়ার আপনারপ্রাপ্তি কতটুকু?

আমার শুরুটা আরও আগেই হতে পারত। আমি তো ২০১০ সালে লাক্সে ছিলাম। সেখান থেকে বেরিয়েই কাজ শুরু করতে পারতাম। কিন্তু পড়াশোনার কারণে কাজ করি নাই তখন। ২০১৫’র শেষের দিকে এসে কাজ শুরু করি। আর পুরোদমে কাজ করছি ২০১৬-থেকে।  প্রাপ্তি অনেক। বিশেষ করে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি।

নিজের কাজে কতটা তৃপ্ত?

কিছু কাজ তো ভালো হয়েছেই। কিন্তু একদম তৃপ্তি সহকারে কাজ আসলে করা হয় নাই। আছে না, এমন কিছু কাজ যেগুলো নিয়ে বলা যায়, বা নিজেকে দেখানোর মতো কাজ- সেরকম কাজ এখনো করা হয়নি। চেষ্টা করছি। ইনশা আল্লাহ একদিন না একদিন ঠিকই মনের মতো কাজ পেয়ে যাব।

নাটকটিভিসিওয়েব সিরিজ-স্বাচ্ছন্দ্য কোনটাতে?

সবগুলোরই আলাদা আলাদা উপযোগিতা আছে। তবে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি নাটকে।

নাটকের মান নিয়ে নানা অভিযোগ আছে- এগুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাই-

নানা ধরনের অভিযোগ আমিও শুনেছি। নাটকের মান খারাপ, একঘেয়েমি হয়ে যাচ্ছে- এ রকম নানা কিছু। তবে নাটক একঘেয়েমি মোটেই হচ্ছে না। আমি আসলে বুঝিয়ে হয়তো বলতে পারব না। তবে নাটকের মান নিয়ে বলতে চাই, এখন আসলে এমন একটা সময় যে ফেসবুকে ঠুকলেও দেখা যায় দুই দিনে এত ভিউ, অত ভিউ। মানুষ যদি নাই দেখে তাহলে এত ভিউ হওয়ার কথা না। মানুষ কিন্তু এখন টিভি তেমন দেখে না। তারপরও মানুষ আমাদের চিনছে। । কারণ কি? আমাদের নাটকগুলো অনএয়ার হওয়ার পর সেটা ইউটিউব বা অনলাইনেও দেখা যাচ্ছে। ফলে মানুষ আমাদের নাটকগুলো দেখছে। নাটকের মান একদম খারাপ হলে নিশ্চয় ইউটিউবে এত ভিউ হতো না। বা মানুষ দেখত না। আমাদেরও চিনত না। এই তো কিছুদিন আগেই একটা শপিং মলে একজন আমাকে চিনে ফেলে বলল আপু ওই কাজটার শুটিং কি কাউলাতে হয়েছিল? আমি বলেছি হ্যাঁ। তো ওই লোক বলেছে আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে । আপনার কাজ আরও বেশি বেশি দেখতে চাই। মাঝে একদিন আমার গাড়ি ছিল না। গাড়ি নষ্ট হওয়ায় গ্যারেজে দিতে হয়েছিল। তো আমি বাধ্য হয়ে উবারে উঠেছি । উবারের যে ড্রাইভার সে আমাকে চিনে ফেলেছে। সেই ছেলেটা আবার নর্থ সাউথের স্টুডেন্ট। ও বলছিল আপু আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার ওই কাজগুলো আমার অনেক ভালো লেগেছে। আমি গয়না কিনতে শপিংমলে গিয়েছিলাম তো একজন বৃদ্ধ মহিলা আমাকে দেখে বললেন আপনি কাচের পুতুলে অভিনয় করেন না? হ্যাঁ, আন্টি। তো উনি বলেছে আপনার অভিনয় অনেক ভালো লেগেছে। আমি বলেছি দোয়া করবেন আন্টি।

তারকা খ্যাতি তাহলে ভালোই এনজয় করা হচ্ছে?

তারকাখ্যাতি আমি অনেক এনজয় করি। আল্লাহর রহমতে দুই দিন আগেও মানুষ আমাকে চিনতনা কিন্তু এখন আমাকে চিনে। এটা অনেক বড় একটা পাওনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে কাজগুলো করি ওই কাজগুলোর চরিত্রের নাম ধরে আমাকে ডাকে। এগুলো খুব ভালো লাগে।

অ্যালভিনকে কি সিনেমাতেও দেখা যাবে?

অবশ্যই সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। কিন্তু যেনতেন ছবিতে নয়। তবে আয়নাবাজির মতো সিনেমা যদি হয়, অমিতাভ রেজার মতো ডিরেক্টর যদি হয়। মোস্তফা সরওয়ার ফারুকীর মতো ডিরেক্টর পাই বা তারকাঁটার মতো সিনেমা পাই তাহলে কাজ করব। এমন হলে অবশ্যই সিনেমা করব। জানি না তাদের কাছে আমি যোগ্য হব কিনা।  মূলত ভালো স্ক্রিপ্ট, ভালো পরিচালক পেলেই কাজ করব।

সংসার কেমন চলছে?

সংসার অনেক ভালো চলছে। আমার জামাইটা অনেক ভালো। ও আমাকে প্রচুর সাপোর্ট করে। আমি খুব ভালো আছি।

দুই বছরের সংসার জীবনের উপলব্ধি কি?

দুই বছরের সংসার জীবন খুব এনজয় করছি। আমার তো মনে হয় বিয়ের পরেই আমি নতুন জীবন পেয়েছি।