বাংলা গানের মৌলিক স্রষ্টা গীতিকবিদের অধিকার, মর্যাদা, স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে গীতিকবি সংঘ বাংলাদেশ। প্রতিষ্ঠার পর ছয় বছরে সংগঠনটি কপিরাইট আইন সংশোধনের দাবি তুলেছে, রয়্যালটি আদায়ে উদ্যোগ নিয়েছে, গীতিকবিদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করেছে। পাশাপাশি সম্মাননা, চিকিৎসা সহায়তা ও সাংগঠনিক সম্প্রসারণেও কাজ করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কার্যক্রম ও অর্জন নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রতিষ্ঠাকাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সংঘের বিভিন্ন উদ্যোগ, অর্জন ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিয়েছেন সংঘের সাংগঠনিক সম্পাদক গীতিকবি সিরাজুম মুনির।
সংগঠনটির সঙ্গে চার বছরের ঘনিষ্ঠ সম্পৃক্ততার অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন, ছয় বছরের কার্যক্রম বিস্তারিতভাবে লিখতে গেলে ‘সংঘজনের গীতিকবিতা’র মতো আরেকটি গ্রন্থই প্রকাশ করা সম্ভব।২০২০ সালের ৩ জুলাই বিভিন্ন প্রজন্মের গীতিকবিদের অংশগ্রহণে প্রথম সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে সংঘ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। একই বছরের ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
অর্ধশতাধিক গীতিকবির মতামতের ভিত্তিতে চূড়ান্ত হয় সংগঠনের নাম, গঠনতন্ত্র ও সমন্বয় কমিটি। প্রবীণ গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও মনিরুজ্জামান মনিরসহ বরেণ্য গীতিকবিদের সমর্থন ও অংশগ্রহণে গড়ে ওঠে এর সাংগঠনিক ভিত্তি। পরে নিয়মিত কার্যনির্বাহী কমিটি গঠন, নির্বাচন, সাধারণ সভা ও সদস্যপদ সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রম আরও বিস্তৃত হয়।