১৭ বছর পর গ্রামে ফিরলেন সুশান্ত, ঘুরলেন সাদামাটাভাবেই

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মালডিহা গ্রামে। বলিউডে পা রাখার পর থেকে সেই অর্থে বাড়িমুখো হন না এই তারকা। তবে প্রয়াত মা ও ঠাকুরমার ইচ্ছে পূরণ করার জন্য সম্প্রতি নিজের গ্রামের বাড়ি ঘুরে এলেন সুশান্ত। শুনলে অবাক হবেন, সুশান্ত প্রায় ১৭ বছর পর নিজের বাড়িতে পা রাখলেন।

এদিকে গ্রামের বাড়িতে ফিরে আসলেও আর দশজনের মতো তারকা হিসেবে নিজেকে জাহির করেননি। গ্রামের ছেলে হিসেবে সাদামাটাভাবেই গ্রামের দিনগুলি পার করলেন। পূজা দিলেন খালি পায়ে, ঘুরলেন বন্ধুদের সঙ্গে, বসলেন গ্রামের মাচাঙে- ছেলেপুলেদের সঙ্গে ক্রিকেটও খেললেন তিনি। সুশান্তকে পেয়ে গ্রামবাসীও যেন বর্তে গিয়েছিল।

সমস্ত স্টারডম ভুলে নিজের গ্রামের বাড়ির সমস্ত সদস্য, আত্মীয়-স্বজন ও পুরোনো বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশে গেলেন এই বলিউড তারকা। আত্মীয়-বন্ধু বান্ধবদের কাছে সুশান্ত সেখানে তারকা নন, এক্কেবারেই তাদের কাছের মানুষ। দেশের বাড়িতে যাওয়াই নয় সেখানকার খগড়িয়ার ভগবতী মন্দিরে পুজোও দেন সুশান্ত। প্রাচীন রীতি মেনে সমস্ত রীতি নীতি শেষ করার পর নিজের চুলও কেটে ফেলেন অভিনেতা।

তারকা সুশান্তের এই সাদামাটা জীবন কাটানোর ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কখনো সুশান্তকে খালি পায়ে গ্রামের মন্দিরে পুজো দিতে দেখা গেছে, কখনো বা বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে কিংবা মাচায় বসে আড্ডা মারতে।

'স্পট বয়' সূত্রে খবর, সুশান্তের পৈতৃক বাড়ি মালডিহা গ্রামে হলেও পরবর্তীকালে সুশান্তের পরিবার পাটনাতে চলে আসেন, সেখান থেকে বসবাস শুরু করেন দিল্লিতে।২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে মা করে হারিয়েছিলেন সুশান্ত। মায়ের মৃত্যুর পরই সুশান্তের পরিবার মালডিহা ছেড়ে পাটনায় চলে আসে। পরবর্তীকালে দিল্লিতে গিয়ে নিজের পড়াশোনা শেষ করেন অভিনেতা। গ্রামের বাড়িতে সুশান্তের সঙ্গে দেখা যায় তার বাবা কে কে সিং কেও।

উল্লেখ্য, প্রথমে হিন্দি ধারাবাহিক 'পবিত্র রিস্তা’ ‍দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সুশান্ত সিং রাজপুত। তারপর কাই পো চে, এম এস ধোনি, কেদারনাথ সহ একাধিক ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন সুশান্ত সিং রাজপুত।