কেন্দুয়ায় বন্ধু ও মহেশপুরে দিনমজুর খুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সমিতির টাকা চাইতে গিয়ে বন্ধুর হাতে খুন হয়েছেন জোবায়ের আলম হাসান (২২)। গত বুধবার রাতে জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই তিনজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বন্ধু আশরাফুলের বাড়িতে সমিতির টাকা চাইতে যান পার্শ্ববর্তী বাড়ির বন্ধু সিএনজি চালক জোবায়ের আলম হাসান। এ নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলের বাড়ির উঠানেই গত বুধবার রাত ১টার দিকে কুপিয়ে আহত করে হাসানকে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসানের মৃত্যু হয়।

অপরদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্দপুর গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নিশ্চিন্দপুর গ্রামের আমির হোসেনের ছেলে।