করমজলে কচ্ছপের ডিম থেকে ২১ বাচ্চা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির ‘বাটাগুর বাস্কা’ কচ্ছপের ডিম থেকে ২১টি বাচ্চা ফুটেছে। গত ১১ মার্চ এই কচ্ছপ ৩২টি ডিম দিলে সেগুলো সংগ্রহ করে রাখা হয় প্রকল্পের ইনকিউভেশনে। ৬৫ দিন ইনকিউভেশনে থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে থাকে। দুপুর পর্যন্ত ২১টি ডিম ফুটে বাচ্চা বের হয়। বাকি ডিম থেকে আজ বাচ্চা ফোটার কথা।

কচ্ছপ প্রকল্পের ম্যানেজার আ. রব বলেন, আশা করছি সব ডিম থেকেই বাচ্চা পাওয়া যাবে। সদ্য ফোটা বাচ্চাগুলো সুস্থ্-সবল। তিনি বলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটে বের হওয়া বাচ্চাগুলোর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেলে প্রকল্পের ১ নম্বর হ্যাচারিতে ছেড়ে দেওয়া হয়।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বিলুপ্ত বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপের বংশবিস্তার ও জীবনচক্র সম্পর্কে জানতে ২০১৪ সালে করমজলে এর গবেষণা শুরু হয়। ওই সময় ১০টি কচ্ছপ দিয়ে কার্যক্রম চালু হয়। এদের ছয়টি পুরুষ ও চারটি নারী কচ্ছপ। এদের প্রজননের মধ্য দিয়ে সর্বপ্রথম ২০১৭ সালে দেওয়া ৬২টি ডিম থেকে বাচ্চা হয় ৫৭টি। ২০১৮ সালে ৪৬টি ডিম থেকে বাচ্চা হয় ২২টি। এবার তৃতীয় দফায় ডিম থেকে বাচ্চা ফুটল। ছোট-বড় মিলিয়ে ১৮৩টি কচ্ছপের সঙ্গে যোগ হয়েছে সদ্য জন্ম নেওয়া ২১টি বাচ্চা। অস্ট্রিয়ার ভি-জুয়েনার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।