কাপ্তাইয়ে জোড়া খুন

দুই ইউপি চেয়ারম্যান জেলে

রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতে জোড়া খুনের ঘটনায় রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়া মং মারমা ও চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খ্যাইসা অং মারমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাঙ্গামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন।

রাঙ্গামাটি কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আমির হোসেন জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কোর্ট ওসি জানান, রাইখালী জোড়া খুনের ঘটনায় এজাহারভুক্ত এই দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, রাইখালীতে ডবল মার্ডারের ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানই এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপিডিএফ-গণতান্ত্রিকের রাইখালী ইউনিয়নের সংগঠক মংসানু মারমা (৪০) ও মো. জাহিদ হোসেন (২২) নামে এক ব্যক্তি।