বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে হাওয়াই যাবেন। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনি হাওয়াইয়ের হুনুলুলুতে ল্যান্ড ফোর্সেস অব দ্য প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশনে অংশ নেবেন। এই সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য হলো ‘অ্যা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক ইনোভেটিভ অ্যান্ড অ্যাজাইল ল্যান্ড ফোর্সেস’। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ছাড়া সেনাবাহিনীপ্রধান বিভিন্ন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি অন্যতম প্রধান বক্তা হিসেবে বিষয়বস্তুর ওপর বক্তব্য উপস্থাপন করবেন।
আইএসপিআর জানিয়েছে, ২০০৫-০৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউএনএমআইএসের ফোর্স কমান্ডারের মিলিটারি অ্যাসিসট্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সবার মধ্যে তুলে ধরতে তাকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়াও সেনাবাহিনীপ্রধান অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষস্থানীয় সামরিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং ২২ মে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।