ব্যাটম্যানের পোশাক রবার্ট প্যাটিনসনের গায়ে

রবার্ট প্যাটিনসন হতে যাচ্ছেন পরবর্তী ডার্ক নাইট। ২০২১ সালে বড়পর্দায় ফিরবে ডিসি কমিকসের অন্যতম চরিত্র ব্যাটম্যান। ভ্যারাইটি জানায়, ওই চরিত্রে ভাবা হচ্ছে ‘টোয়ালাইট’ অভিনেতাকে।

তবে সংবাদমাধ্যমটি জানায়, এখনো বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে চরিত্রটির জুতা পায়ে গলানো নিয়ে প্যাটিনসন খুবই আশাবাদী।

এদিকে ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, এখনো চরিত্রটি নিয়ে নিশ্চিত নন পরিচালক ম্যাট রিভস ও প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। বরং একটি সংক্ষিপ্ত তালিকায় আছেন প্যাটিনসন। সঙ্গে আছেন ‘টলকেইন’-খ্যাত নিকোলাস হল্টসহ কয়েকজন।

ব্যাটম্যান চরিত্রে সর্বশেষ অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। জানুয়ারিতে তিনি ঘোষণা দেন, ডিসি এক্সটেনডেড ইউনিভার্সে আর দেখা দিচ্ছেন না।

তবে নতুন সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন অ্যাফ্লেক। সঙ্গে থাকছেন জে জে আব্রামস।

এ পর্যন্ত ছয়জন অভিনেতা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন। প্রথম ব্যাটম্যান অ্যাডাম ওয়েস্টের পর একে একে দেখা যায় মাইকেল কিটন, ভাল কিলমার, জর্জ ক্লুনি, ক্রিশ্চিয়ান বেল ও অ্যাফ্লেককে। এছাড়া লেগো মুভি ও এনিমেটেড সিরিজে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে উইল অ্যার্নেট ও কেভিন কনরয়।

তবে বেন অ্যাফ্লেকের পর অপেক্ষাকৃত নবীন রবার্ট প্যাটিনসন কতটা মানানসই এই নিয়ে প্রশ্ন জেগেছে। কারণ ডিসি এক্সটেনডেড ইউনিভার্সে অস্কারজয়ী অভিনেতার সঙ্গে অন্য সুপারহিরো চরিত্রের সমন্বয় ক্ষুণ্ন হবে মনে করা হচ্ছে। যদি কম বয়সী ব্রুস ওয়েনের জন্য রাস্তা করে দিতে চরিত্রটি ছেড়েছেন অ্যাফ্লেক।

এখন দেখার বিষয়, যদি রবার্ট প্যাটিনসন নির্বাচিত হন, তবে কতটা মানিয়ে নিতে পারেন অন্য চরিত্রগুলোর সঙ্গে।

এদিকে ব্যাটম্যান ভক্তদের অনেকেই অনলাইনে জানান, তারা রবার্ট প্যাটিনসনকে মানতে পারছেন না।