গত মঙ্গলবার রাতে তুরস্ক রওনা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এর আগে বিভিন্ন দেশে শুটিং করলেও তুরস্কে প্রথমবার গেলেন তিনি। আসছে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমার গানের শ্যুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন বুবলি। যাওয়ার আগে এই অভিনেত্রী বলেন, “অন্য রকম একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শকরা। এর আগে বিভিন্ন সিনেমার কাজে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া যাওয়া হলেও এবারই প্রথম তুরস্কে ‘পাসওয়ার্ড’ সিনেমার তিনটি গানের শ্যুটিং করব। তিনটি তিন ধরনের গান হতে যাচ্ছে। দারুণ হবে বলে আশা করছি। তুরস্কের ইস্তাম্বুলসহ বেশ কিছু জায়গায় এর দৃশ্য ধারণ হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী।”
বরাবরের মতো এ সিনেমাতেও বুবলির নায়ক হিসেবে ঢালিউড কিং শাকিব খান অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাকিব। এ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচালক মালেক আফসারীরও মনজয় করে নিয়েছেন বুবলি। এই নির্মাতা বলেন, ‘তিনি মেধাবী ও ভদ্র। শ্যুটিং সেটে কোনো যন্ত্রণা দেন না।’ অন্যদিকে মালেক আফসারীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘অসাধারণ। তিনি কত বড়মাপের নির্মাতা তা কাজ না করলে আমি বুঝতে পারতাম না। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আগে শুধু শুনেছি, তিনি ভালো নির্মাণ করেন। কিন্তু কীভাবে একটি চিত্রনাট্যকে স্ক্রিনপ্লে করতে হয় তিনি তা জানেন ও বোঝেন। সত্যিই তার সঙ্গে কাজ করে শ্যুটিং সেটে অনেক কিছু শিখতে পেরেছি।’
এদিকে গত ১১ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশ করা হয়েছে ‘পাসওয়ার্ড’ সিনেমার প্রথম লুকের পোস্টার। এটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছেন। তবে শাকিব-বুবলির গান এবং সিনেমার মূল টিজার কবে আসবে জানতে চাইলে বুবলি বলেন, ‘শিগগিরই একের পর এক চমক আসবে। কারণ এখানে চমকের শেষ নেই। এ সিনেমায় মিশা সওদাগর, ইমন, ডনসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন। এমনকি এর সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, সহকারী পরিচালক সবাই বেশ পরিশ্রমী। তাই দর্শক নিরাশ হবেন না।’
এরই মধ্যে বুবলি অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামের সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। আসছে ঈদে আট নম্বর সিনেমা নিয়ে আসছেন বুবলি। সবগুলো সিনেমাতেই তিনি পেয়েছেন কিং খান শাকিবকে। এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘আমি যতটুকু অভিনয় করি, তার সবকিছুই শিখেছি শাকিব খানের কাছ থেকে। এখনো কাজ করতে গিয়ে শিখছি। তিনি অনেক মেধাবী একজন অভিনেতা। আমাদের দুজনকে জুটি হিসেবে এরই মধ্যে গ্রহণ করেছেন দর্শক। ফলে একের পর এক ছবিতে দুজনের জুটি হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ কথাগুলো পুরনো হলেও এটাই সত্যি।’ তবে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি নিয়ে আগাম কিছুই বলতে চান না এই নায়িকা। দর্শককে সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ করলেন শুধু।