ঝালকাঠি রাজাপুরে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চালসহ বাবুল তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালি গ্রামের বাবুল তালুকদারের বাড়ির সামনের দুটি বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার পুলিশের সহায়তায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটক বাবুল তালুকদার উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার গালুয়া ইউনিয়নের চাড়াখালি গ্রামে অভিযান চালিয়ে আবদুল জলিল হাওলাদারের বাড়ি থেকে ১৩ বস্তা ও কামাল হোসেন লাবলু তালুকদারের বাড়ি থেকে ১৫ বস্তাসহ মোট ২৮ বস্তায় ৮৪০ কেজি ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেন। এ সময় জলিল হাওলাদার বাড়ি থেকে পালিয়ে গেলেও কামাল হোসেন লাবলু তালুকদারের স্ত্রী কলি বেগমকে বাড়িতে পাওয়া যায়। পরে ইউপি সদস্য বাবুলকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
কামাল হোসেন লাবলু তালুকদারের স্ত্রী কলি বেগম বাবুলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বীকার করেন, ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল তালুকদার তাদের বাড়িতে মজুদ রেখেছেন। বাবুল তালুকদার নামে-বেনামে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল আত্মসাৎ করার জন্যই তাদের বাড়িতে রেখেছেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।