২০ রোজার মধ্যে আশুলিয়ায় শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় তারা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শ্রমিক নেতারা।
আশুলিয়া শ্রমিক পরিবার ফাউন্ডেশনের আঞ্চলিক কমিটির সভাপতি সারোয়ার হোসেন বলেন, ‘২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।’ এ মাসের মধ্যে ছুটি ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পূর্বে শ্রমিক ছাঁটাই বন্ধ করে তাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে।’
শ্রমিক নেতারা বলেন, ঈদকে সামনে রেখে আশুলিয়ার কিছু কিছু পোশাক কারখানায় কৌশলে শ্রমিক ছাঁটাই চলছে। এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাই করেছে কর্র্তৃপক্ষ। ঈদের আগে বেতন, বোনাস ও ওভারটাইমের টাকা নিয়ে মালিক পক্ষ যাতে গড়িমসি না করতে পারে সে জন্য সরকার, বিজিএমইএ ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা। অন্যত্র পাওনাদি নিয়ে আন্দোলন হলে এর দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর শেখ লালন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠা-ু প্রমুখ উপস্থিত ছিলেন।