পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে শোয়েবের হাহাকার

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে তিন শ’র ওপরে স্কোর গড়েও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ব্রিস্টলে ৬ উইকেটে হারের পর নটিংহামে শুক্রবার ৩ উইকেটে হেরেছে সরফরাজ আহমেদের দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজ খোয়া গেছে এক ম্যাচ হাতে থাকতেই।

পাকিস্তানের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। দেশটির কিংবদন্তি এই তারকা পাকিস্তানের বোলিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

শুক্রবারের ম্যাচটির পর টুইট করে শোয়েব লিখেছেন, ‘‘আবারো পাকিস্তান ৩০০+ রান রক্ষা করতে ব্যর্থ হলো এবং সিরিজ হারল। বোলিং বিভাগ আবারও হতাশ করল।’’

বাবর আজমের ১১৫ ও মোহাম্মদ হাফিজের ৫৯ রানে ভর করে চতুর্থ ওয়ানডেতে ৭ উইকেটে ৩৪০ রানের পুঁজি গড়ে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের বোলাররা পারেনি স্কোর বোর্ডে বড় পুঁজি থাকা সত্ত্বেও ম্যাচ নিজেদের করতে। ৩ বল তার ৩ উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করেছে ইংল্যান্ড। একই সঙ্গে সিরিজও।

জেসন রয় ১১৪ ও বেন স্টোকস অপরাজিত ৭১ রান করেন। রোববার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। যে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।