দেবিদ্বারে নলকূপের পানি নেওয়া নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবনগর বাজার এলাকায় শনিবার দুপুরে নলক’পের পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রমিজ মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত রমিজ মোল্লা শিবনগর উত্তর পাড়ার মৃত আবদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ি মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মনির রমিজ মোল্লাকে কিল ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মনিরের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেছেন।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, শিবনগর গ্রামের বাজারে দুই ব্যবসায়ীর মধ্যে নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।