বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতু দেবে যাওয়ায় গতকাল শনিবার সকাল থেকে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সেতুর দুপাশে। বর্তমানে এই ব্রিজটির দুপাশে গাড়ি রেখে যাত্রীরা হেঁটে চলাচল করছেন।
বাসাইল, সখীপুর উপজেলা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের টাঙ্গাইল শহরে পৌঁছানোর একমাত্র সড়ক এটি। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হলে বিকল্প হিসেবে এ সড়কটিও ব্যবহার করা হয়।
ব্যস্ত সড়কটির নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত সেতুটি গত ১৩ ফেব্রুয়ারি দেবে যায়। পরের দিন ১৪ ফেব্রুয়ারি সেতুটির ভাঙা অংশের ওপর সংশ্লিষ্টরা বেইলি সেতু নির্মাণ করেন। এই সেতুর পাটাতন আবার গতকাল সকালে দেবে যায়। ফলে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে সংশ্লিষ্টরা সকাল থেকেই সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান বলেন, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দিয়ে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করায় পাটাতন দেবে গেছে। সন্ধ্যার মধ্যেই মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।