অবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে প্রত্যাহার করে নিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
গত শুক্রবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন দেশ রূপান্তরকে জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বেশ সমালোচনার মুখে পড়েন। গত ১৫ মে গণধর্ষণের অভিযোগ দায়ের করলেও মামলা নিতে আক্তার হোসেন গড়িমসি করেছেন বলে অভিযোগ করেছেন এক নির্যাতিত নারী। এর আগে গত ২৯ মার্চ থানার ভেতর ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে প্রাণনাশের হুমকি দিলেও ওসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এমনকি তাদের বিরুদ্ধে জিডিও করা হয়নি।
গত ১৭ এপ্রিল আড়াইহাজারের গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ভেতরে কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্যকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে আটক করা হলেও পরে নেতাকর্মীরা থানা ঘেরাও করলে চাপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ।