বরগুনায় হরিণের মাথা ও মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পাথরঘাটা বন বিভাগ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগ চরলাঠিমারা বিট কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোররাতে পাথরঘাটার চরলাঠিমারা এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় বনফুল গুচ্ছগ্রামের পাশে ভারের খালের ভেতরে একটি ট্রলারকে ধাওয়া দিলে ট্রলারটি রেখে সবাই পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে দুটি হরিণের মাথা, দুটি চামড়া, চার মণ মাংস, দুই বস্তা হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ জব্দ করা হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘যে পরিমাণ মাংস উদ্ধার করা হয়েছে তাতে আমরা ধারণা করছি শিকারিরা কমপক্ষে ৮টি হরিণ শিকার করেছে। জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।’