বিয়ের চার বছরেও সন্তান না হওয়ায় স্ত্রীর আত্মহত্যা

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকা সেলিনা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

তার বাবার নাম মো. মোস্তফা। তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায়।

চার বছর পূর্বে জগন্নাথপুর এলাকার আলম মোল্লার সাথে শরিয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের চার বছরেও সেলিনার গর্ভে কোন সন্তান না আসায় স্বামীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হয়।

ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার পরও এ নিয়ে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আলম মোল্লা ঘুমিয়ে গেলে রাত ১১ টায় নিজ রুমে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ সেলিনা  আত্মহত্যা করেছে। সেহেরীর সময় স্বামী আলম মোল্লা ঘুম থেকে জেগে উঠলে স্ত্রী সেলিনাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির ও আশপাশের লোকজনদের ডাকতে থাকেন।

পরে এলাকাবাসি থানা পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মডেল থানার এস আই সাইদুজ্জামান জানান, চার বছর পূর্বে হযরতপুর দক্ষিণ বালুরচর এলাকার মোস্তফার মেয়ে সেলিনার সাথে পাশের গ্রাম জগন্নাথপুর এলাকার বাসিন্দা আলমের সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের চার বছরেও কোন সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর সাথে বিভিন্ন সময় ঝগড়া হতো।

বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যার পরও স্বামী-স্ত্রীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। পরে রাতে কোন এক সময় ঘর ফাঁকা পেয়ে মা হতে না পারায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।