নারায়ণগঞ্জে ১০ স্থানে ‘মানবতার দেয়াল’

সুবিধাবঞ্চিত দুস্থ মানুষকে পোশাক দেওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ ১০ স্থানে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয়টির ৯৮ ব্যাচের সংগঠন ‘অপরাজেয় ৯৮’-এর উদ্যোগে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

এই ‘মানবতার দেয়াল’-এ যে কেউ তাদের অব্যবহৃত পোশাক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ মানুষের জন্য দান করতে পারবেন। প্রথম ধাপে পাগলা উচ্চ বিদ্যালয়সহ এলাকার দশটি স্থানে এই দেয়াল উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মানবতার দেয়াল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অপরাজেয় ৯৮-এর সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ফারুক ওসমানী।

উদ্বোধনের পর সংগঠনটি পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। ফতুল্লার ১০টি মাদ্রাসা ও এতিমখানার পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।