দানবাক্সের ৫ টাকা নিয়ে বৃদ্ধ খুন!

মসজিদের দানবাক্সের মাত্র পাঁচ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে গোপালগঞ্জে বাদল সরদার (৬৫) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোজরগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইফুল জানান, চার-পাঁচ দিন আগে সরদার গোষ্ঠীর বিবদমান দুই গ্রুপের মধ্যে ইফতারি খাওয়া নিয়ে দ্বন্দ্ব হয়। পরে তা মীমাংসার জন্য গত শুক্রবার মাগরিবের নামাজের পর নিজেরা  সালিশ বৈঠকে বসে। তখন পুরনো বিষয় মীমাংসার কথা উঠলে তারাবির পর সময় দেওয়া হয়। এ সময় বাদল সরদার মসজিদের দানবাক্সের পাঁচ টাকা সফর সরদার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। এ নিয়ে বাদল ও সফর সরদারের কথা-কাটাকাটি হয়। এর জেরে তারাবির নামাজ শুরুর কিছুক্ষণ পরই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এসআই আরও জানান, সফর সরদার ও তার ছেলেদের হামলায় মাথায় আঘাত পান বাদল। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।