পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের মামলায় শামসুদ্দিন জুন্নুনকে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু জানান, ছাত্রলীগ নেতা জুন্নুন প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার মামলার আসামি না হলেও শিক্ষক সমাজ জুন্নুনকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তারে দাবি জানিয়েছেন। শিক্ষকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতারা তাকে আইনের হাতে সোপর্দ করেছে।
গত ১২ মে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে কলেজের মূল ফটকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।