হাস্যকর আউটে বিশ্বকাপের আগে ভাইরাল শোয়েব মালিক

বিশ্বকাপের ঠিক আগে নেটিজেনদের কাছে একবার হাসির পাত্র হলেন পাকিস্তানের শোয়েব মালিক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাস্যকরভাবে আউট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই অলরাউন্ডার।

শুক্রবার নটিংহ্যামে সিরিজ নির্ধারণী চতুর্থ ওয়ানডে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মালিক। তবে ইনিংসের চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনা হচ্ছে তার আউট নিয়ে।

ম্যাচটিতে ৩৪০ রানের সংগ্রহ পেয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হার মানে টসে হেরে প্রথমে ব্যাটিং করা পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেয় ইংলিশরা।

ম্যাচটিতে অদ্ভূত কায়দায় আউট হওয়ায় হাফসেঞ্চুরি হাতছাড়া হয় মালিকের। ২৬ বলে ৪টি চারের সাহায্যে ৪১ রান করে হিট উইকেট হয়ে তিন স্টাম্প ছিটকে দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। শুধু স্টাম্পই নয়, হিট উইকেট হওয়ার সময় স্টাম্পের দুই বেলও ব্যাট দিয়ে ছিটকে দিতে দেখা যায় শোয়েবকে।

ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৪৭ তম ওভারে। ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল উইকেটে আসার আগেই ব্যাকফুটে লেট কাট শট খেলতে গিয়ে ব্যাট দিয়ে উইকেট ভেঙে ফেলেন শোয়েব। মার্ক উডের স্লোয়ার বুঝে ওঠার আগেই হাস্যকরভাবে আউট হন পাক দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

মালিকের আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাস্যরস। অভিষেক পান্ডে নামের ভারতের এক সমর্থক টুইটারে লিখেছেন, “হা হা হা...শতাব্দীর সেরা হিট উইকেট।”

ইয়াশ নামের একজন লিখেছেন, “ক্রিকেট মাঠে একমাত্র পাকিস্তানই এমন হাস্যরস জন্ম দিতে পারে।”

একজন বলছেন, শোয়েব যেভাবে ব্যাট চালিয়েছেন মনে হলো টেনিস খেলছেন।

এর আগে ২০০৩ সালে একবার আন্তর্জাতিক ওয়ানডেতে হিট উইকেট হয়েছিলেন শোয়েব। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার হিট উইকেট আউট হয়ে কুমার সঙ্গাকারা, অ্যালান বর্ডার, মিসবা-উল-হকদের সঙ্গে এক তালিকায় নাম তুলে ফেললেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।