মার্কিন বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার তথা ভুল বিমান হামলায় কমপক্ষে ১৭ আফগান পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ পুলিশ সদস্য।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানীর কাছেই এই বিমান হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, তালেবানদের সঙ্গে লড়াইয়ের সময় চালানো মার্কিন বিমান হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে আফগান পুলিশ সদস্যদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৭ পুলিশ সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও ১১ পুলিশ সদস্য।
আফগান তোলো নিউজ জানায়, ‘ভুলবশত বিদেশি বাহিনীর’ বিমান হামলায় কর্নেল হাবিবসহ নিহতদের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিবৃতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।
দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হেলমান্দের রাজধানী লস্কর গাহের উপকণ্ঠে তালেবান যোদ্ধাদের হামলার মুখে সাহায্য চায় আফগান পুলিশ। আর তাদের সমর্থনে গিয়েই এই ভুল করে বসে মার্কিন বাহিনী।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রেন্ডলি ফায়ারে নাকি তালেবানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।