বিশ্বভারতীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, পার্থ দাস গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এ মৃত্যুকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে এতে অন্য কোনো রহস্য আছে কী না, খতিয়ে দেখছে তারা। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নন্দন হোস্টেলে থাকতেন পার্থ। কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরেন শুক্রবার।

একদিন পরেই হোস্টেলের কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেদিন রাতে পার্থ হস্টেলের খাবার খেতে যাননি। ঘরেই ছিলেন তিনি।

এদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।