যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদন প্রকাশের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের জোর দাবি জানিয়ে আসছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রথম আইনপ্রণেতা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন মিশিগান অঙ্গরাজ্যের জাস্টিন আমাশ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি প্রেসিডেন্টের অভিশংসনের দাবি জানান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য আমাশ উদারবাদী ও স্বাধীনচেতা হিসেবে পরিচিত। ২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়ার কথা বলেছিলেন। এ নিয়ে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের তোপে পড়েন তিনি। স্থানীয় সময় শনিবার বেশ কয়েকটি টুইটে আমাশ বলেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে মুলার তার তদন্তে বেশ কিছু আচরণ পেয়েছেন, যেগুলোতে বিচার বাধাগ্রস্ত করার সব উপাদান আছে। তিনি বলেন, মুলারের প্রতিবেদনে থাকা প্রমাণের ভিত্তিতে যেকোনো লোককে অভিযুক্ত করা যাবে।
মুলার তার তদন্তে ট্রাম্প ও রাশিয়ার যৌথ ষড়যন্ত্রের প্রমাণ পাননি। তবে তিনি ট্রাম্পের সহযোগীদের সঙ্গে মস্কোর ব্যাপক যোগাযোগের বিষয়টি উদঘাটন করেছেন। একই সঙ্গে তিনি ১১টি ঘটনার উল্লেখ করেছেন, যেগুলোতে রিপাবলিকান প্রেসিডেন্ট বা তার নির্বাচনী প্রচার দলের সদস্যরা বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা প্রশ্নে মুলারের ভাষ্য, পরবর্তী ব্যবস্থা কী হবে, তা ঠিক করা উচিত কংগ্রেসের।
প্রতিবেদনটি কংগ্রেসের হাতে পৌঁছানোর আগে এর সারসংক্ষেপ তৈরির সময় মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, তিনি মনে করছেন, ট্রাম্প বিচার বাধাগ্রস্ত করেননি। তার এ মন্তব্যের পর থেকে ট্রাম্প ও তার সমর্থকরা অভিযোগ থেকে প্রেসিডেন্টকে পুরোপুরি রেহাই দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্যের বিরোধিতা করে আমাশ বলেন, জনসমক্ষে উপস্থাপন ও কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় উইলিয়াম বার সুচিন্তিতভাবে মুলারের কাজের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বারের চিত্রায়ণের বিপরীতে মুলারের প্রতিবেদনে উন্মোচিত হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড ও নির্দিষ্ট ধরনের আচরণে জড়িত ছিলেন, যার ভিত্তিতে তাকে অভিশংসিত করা যায়। আমাশের মতে, সহজভাবে বলতে গেলে, অভিশংসনের জন্য নিশ্চিত হওয়া দরকার কোনো কর্মকর্তা বেপরোয়া, স্বেচ্ছাচারী, দুর্নীতিগ্রস্ত কিংবা তিনি অন্য কোনোভাবে সম্মানহানিকর কাজ করেছেন কি না।
অভিশংসন প্রক্রিয়া শুরু করবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচারিক কমিটি। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নেতারা ভোটারদের ওপর অভিশংসনের প্রভাব নিয়ে সংশয়ে আছেন। তারা এটাও জানেন, রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তাদের প্রস্তাব টিকবে না। ট্রাম্পকে দোষী সাব্যস্ত ও পদচ্যুত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের মত দরকার হবে, দৃশ্যত যার সম্ভাবনা নেই।
এদিকে মিশিগানের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা রাশিদা তালেব অভিশংসন নিয়ে একটি প্রস্তাব যৌথভাবে উত্থাপন করতে আমাশের প্রতি আহ্বান জানিয়েছেন। আমাশের টুইটের পরিপ্রেক্ষিতে করা এক টুইটে তিনি লিখেন, ‘আপনি দেশকে আগে রেখেছেন এবং এটি প্রশংসার যোগ্য। আমরা দুজনই যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছি। আপনি অভিশংসনের অনুসন্ধান শুরু করতে কোনো প্রস্তাবে সই করতে রাজি কি না, তা দয়া করে আমাকে জানান।’