বিদেশি লিগে খেলতে দেশের জার্সিতে অবসর চান যুবরাজ

কিছুদিন আগেই একবার নিজের অবসর ভাবনা নিয়ে কথা বলেছিলেন যুবরাজ সিং। তখন আরো তিন-চার বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এ ছাড়া আবারো জাতীয় দলে ফেরার স্বপ্নের কথাও বলেছিলেন এই তারকা।

তবে এখন ভাবনাটা বদলে ফেলেছেন সীমিত ওভারের ক্রিকেটের ভারতের অন্যতম সেরা এই তারকা। ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমতি দিলে বিশ্বজোড়া টি-টোয়েন্টি লিগে খেলতে চান তিনি। অবসর নিতে চান জাতীয় দল থেকে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, দেশের জার্সিতে আর খেলতে ইচ্ছুক নন যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা চিন্তা করছেন তিনি। এ নিয়ে খুব শীঘ্রই বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন যুবরাজ।

বোর্ডের অনুমতি পেলেই কানাডার জিটি২০, আয়ারল্যান্ডের ইউরো টি২০ স্ল্যাম এবং নেদারল্যান্ডসের টি২০ টুর্নামেন্টে খেলতে দেখা যাবে যুবরাজকে।

সম্প্রতি ইরফান পাঠানের নাম দেখা গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে। তবে পাঠান জুনিয়ার এখনো প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন। লিগটিতে খেলতে বিসিসিআইয়ের কাছ থেকে তাই অনুমতি মেলেনি তার।

ইরফান পাঠানকে এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। আর যুবরাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে আইন খতিয়ে দেখছে সংস্থাটি।

সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন যুবরাজ। কিন্তু চার ম্যাচের বেশি সুযোগ পাননি।

ভারতের জার্সিতে যুবরাজ শেষ ম্যাচটি খেলেছেন ৩০ জুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন একই বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। আর ২০১২ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট।