ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের লা এতেলিয়ারে আমন্ত্রিত হয়েছেন পাকিস্তানি নির্মাতা ইরাম পারভীন বিলাল। এই প্রোগ্রামের নির্বাচকদের আমন্ত্রণে ১৫ জন নির্মাতা যোগ দিতে পারেন।
ইরাম হাজির হচ্ছেন ‘ওয়াখরি’ নামের চলচ্চিত্র নিয়ে। তিনি জানান, লা এতেলিয়ার মূলত ফাস্ট ট্রেক ফিন্যান্স প্রোগ্রাম। এর আওতায় অর্থলগ্নি ও পরিবেশক পাওয়ার সফলতার হার ৯৩ শতাংশ।
এর আগে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ফিল্ম লাইব্রেরিতে লা এতেলিয়ারের জেনারেল ম্যানেজার ইরামের কাজ দেখেছিলেন।
নাইজেরিয়া ও পাকিস্তানে বড় পাওয়া বিলাল ফিজিকস অলিম্পিয়ান থেকে চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ‘জোশ’ নেটফ্লিক্সে যুক্ত হওয়া পাকিস্তানের প্রথম চলচ্চিত্র। এ ছাড়া যুক্ত হয়েছে ইউএস লাইব্রেরি অব কংগ্রেসের পারমানেন্ট সিলেকশনে।
‘ওয়াখরি’র কাহিনি আবর্তিত হয়েছে এক নারী গণিত শিক্ষককে নিয়ে। তিনি নারী শিক্ষায় বিশ্বাস করেন। এর প্রচারে সোশ্যাল মিডিয়ায় আবেদনময় অবতারে হাজির হয়ে রাতারাতি তারকা বনে যান।
ইরাম পারভীন জানান, লা এতেলিয়ারে অংশগ্রহণ তার প্রযোজক আবিদ মার্চেন্ট ও সহকর্মীদের জন্য অনেক সম্মানের বিষয়। আশা করছেন, ভালো কিছু তারা করতে যাচ্ছেন।
লা এতেলিয়ার শুরু হয় ২০০৫ সালে। ইতিমধ্যে সারা বিশ্বের ১৯৮টি প্রজেক্ট এতে নির্বাচিত হয়েছে। ১৫৭টি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ২৭টি রয়েছে শুটিং পরবর্তী কাজে। উদ্যোগটির আয়োজক কান চলচ্চিত্র উৎসবের সিনে ফাউন্ডেশন। এবার লা এতেলিয়ার শুরু হয়েছে ১৬ মে, শেষ হবে ২৩মে।
২০১৭ সালের এই আয়োজনে স্থান পায় বাংলাদেশের কামার আহমেদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় পর্ব ‘অন্যদিন’।