যশোরে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে এক পাটকল শ্রমিককে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুর তিনটার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে আফনান জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শহীদ কাজী (৩০) মিলের শ্রমিক সরদার ছিলেন।
একই মিলের নারী শ্রমিক জুলেখা খাতুনের স্বামী আনিসার ওরফে রমজান এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। পুলিশ এ ঘটনায় রমজানের ভাগনে মেহেদি হাসান টফিকে আটক করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, কারখানার সামনে একটি চায়ের দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় শহীদ কাজীর উপর হামলা করে আনিসার ওরফে রমজান, টফিসহ তিনজন। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয় শহীদ।
এ সময় অন্য দুইজন পালিয়ে গেলেও স্থানীয়রা টফিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। টফি প্রাথমিকভাবে স্বীকার করেছে, তার মামা রমজান এ ঘটনা ঘটিয়েছে। মামির সাথে শহীদের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই শহীদের মৃত্যু হয়। তার হাতে বুকে ও পিঠে তিন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শহীদ কাজীর বাড়ি মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে। আফনান জুট মিলে কাজের কারণে তিনি মিলের শ্রমিকদের কোয়ার্টারে থাকতেন।