মানিকগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা এলাকা থেকে শহিদুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সদস্য শহিদুর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার কহেলা রাজাপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের পুত্র। শহিদুর মানিকগঞ্জ কোর্টে পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় বলেন, সকালে কর্মস্থলে যোগদান না করায় তার ঊর্ধ্বতন পুলিশ অফিসার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। এতেও তার কোন সাড়া না পাওয়ায় জয়রা এলাকায় কবিরের ভাড়াটিয়া বাসায় খোঁজ নেওয়া হয়।

পরে ভেতর থেকে শহিদুর রহমানের কক্ষটি তালাবদ্ধ থাকায় ঘরের দরজা কেটে তার মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

মৃত পুলিশ সদস্যের শ্যালক এনামুল হক বলেন, সংসার জীবনে এক কন্যা সন্তানের জনক শহিদুর। শহিদের স্ত্রী গর্ভবতী থাকায় সে ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বাবার বাড়িতে ছিল। আর শহিদুর রহমান জয়রা এলাকার ওই ভাড়া বাড়িতে থেকে মানিকগঞ্জে কর্মরত ছিল। সোমবার দুপুরে মুঠোফোনে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাদের কিছু জানা নেই।