নরসিংদীর পলাশে বিদেশি পিস্তলসহ আজাহার খন্দকার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার গভীর রাতে উপজেলার ডাংগা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, পিস্তলের ২টি গুলিসহ ১টি ম্যাগজিন, ১টি ধারালো কিরিচ, ২টি চাইনিজ কুড়াল, ১টি হাঁসুয়া ও ৫টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আজাহার খন্দকার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তারকৃত আজাহার খন্দকার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে ক্ষুব্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেত না। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এসব সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১-এর একটি বিশেষ দল তার ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।