দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার নগর ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান মেয়র মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনের পর প্রথম সভায় সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়। কিন্তু কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেন। তারা সাত মাসেও সংশোধন হননি।
মেয়র বলেন, পরে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন কর্মকর্তা ও নয়জন কর্মচারী।
নোটিশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নাম প্রকাশ না করলেও অভিযুক্তরা ইলেকট্রিক, লাইসেন্স, হিসাব, ট্যাক্স, প্রকৌশল, সড়ক বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের বলে তিনি জানান।
জাহাঙ্গীর আলম আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। এ সময়ের মধ্যে উপযুক্ত জবাব না দিতে পারলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হবে।