বেশ কিছু দিন ধরেই কাঁধের চোটে ভুগছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ছুরির নিচে যেতেই হচ্ছে তাকে। বা কাঁধে অস্ত্রোপচার করাতে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার মঙ্গলবার মেক্সিকো থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
মারাদোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোসের প্রধান কোচের দায়িত্বে আছেন। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে হবে তার অস্ত্রোপচার। সেড়ে ওঠার পর ৫৮ বছর বয়সী মারাদোনা আবার মেক্সিকোয় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার এজেন্ট ও বন্ধু মাতিয়াস মরলা।
গত বছরের সেপ্টেম্বরে দোরাদোসের দায়িত্ব নেন মারাদোনা। তার অধীনে অল্পের জন্য শীর্ষ ডিভিশনে উতড়াতে ব্যর্থ হয়। ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন করেছেন বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা ১৯৯৭ সালে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর থেকেই নানা রোগে ভুগছেন।
একটা পর্যায়ে মাদকের সঙ্গে ব্যাপকভাবে জড়িয়ে পড়া মারাদোনার জীবন সংশয়ে পড়ে গিয়েছিল ২০০৪ সালে। বুক ও শ্বাসযন্ত্রে তীব্র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবশ্য স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
চলতি বছরের জানুয়ারিতেও মারাদোনার পাকস্থলিতে অস্ত্রপচার করা হয়।