সোনাগাজীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফউদ্দিন রিশাদ (২৫) নামে এক যুবককে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে আটক করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ।  

সাইফউদ্দিন সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের বকশ্ আলী ভূঞা বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও নির্যাতিতার পরিবারের সদস্যরা জানান, সাইফউদ্দিন রিশাদ ৫ বছর পূর্ব থেকে উপজেলার পশ্চিম ছাড়াইতকান্দি গ্রামের  ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর নানার বাড়ি ও সাইফউদ্দিন বন্ধু হৃদয়ের বাসায় ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে ।

এরপরে সাইফউদ্দিন চাকুরীর উদ্দেশ্যে কাতার চলে যায়। কিন্তু গত কয়েক দিন পূর্বে দেশে ফিরে সীমা নামে আরেক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

ভুক্তভোগী তরুণী তাকে বিয়ের প্রস্তাব দিলে রিশাদ তার অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ওই তরুণী বিষয়টি থানায় গিয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঞা এবং ওসি মঈন উদ্দিন আহম্মেদকে জানালে তারা তাৎক্ষণিক সেই যুবককে আটক করে।

এদিকে ওই তরুণী জানান, রিশাদ আমার সাথে প্রতারণা করেছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করা ছাড়া আমার আর কোন পথ থাকবে না।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই তরুণীর অভিযোগ নিয়মিত মামলা আকারে নিয়ে আইননুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।