গ্রাহক হিসাবের অর্থ অপব্যবহার, পরিচালক ও তাদের আত্মীয়স্বজনদের বিধিবহির্ভূত মার্জিন সুবিধাসহ বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের নিবন্ধন বাতিল হতে পারে। গতকাল বিএসইসির নিয়মিত সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ স্থগিত কিংবা বাতিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসইসি জানায়, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদেরকে বিও (বেনিফিসিয়ারি ওনার্স) হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও অর্থ উত্তোলনের সুযোগ দিয়েছে অ্যালায়েন্স সিকিউরিটিজ। একই সঙ্গে পরিচালক ও তাদের আত্মীয়দের বিধিবহির্ভূত ঋণ সমন্বয়ের জন্য কমিশনের নির্দেশনা থাকা সত্ত্বেও তা সমন্বয় না করে কমিশনের নির্দেশনা ভঙ্গ করেছে। এসব কার্যক্রমের কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭-এর ৮ এ (১) ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর ১১ ও দ্বিতীয় তফসিলের আচরণ বিধি ভঙ্গ করেছে। এ ছাড়া ডিএসইর এ সদস্য প্রতিষ্ঠানটি সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা ডিলার হিসাবে স্থানান্তর করে তা থেকে স্থায়ী আমানত (এফডিআর) হিসাব খোলা ও পরিচালকদের ঋণ সমন্বয়ের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে। সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্থ স্থানান্তরের বিষয়ে কমিশনের তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ও আচরণ ভঙ্গ করেছে। এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে ৫ লাখ টাকার ওপরে নগদ গ্রহণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর ৮(১) ধারা ভঙ্গ করেছে।