ইসলাম বিদ্বেষী নেতার সঙ্গে ভাইয়ের সখ্যতায় চটেছেন রুনি

ব্রিটেনের উগ্র ডানপস্থি সংগঠনের সাবেক নেতা টমি রবিনসনের সঙ্গে ছোট ভাই গ্রাহাম রুনির সখ্যতায় ইংলিশ ফুটবল তারকা ওয়েইন রুনি খুব চটেছেন বলে জানা গেছে।

রবিনসনের সম্প্রতি রাতে ঘুরতে বেরিয়েছিলেন রুনির ভাই। তাদের ঘোরাঘুরির ছোট্ট একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায় লিভারপুলের এক পাবলিক টয়লেটে গলা ফাটিয়ে হাসাহাসি করছেন দুইজন।

ফুটেজে দেখা যায়, পাবলিক টয়লেটের সামনে ব্রিটেনের তীব্র মুসলিম বিদ্বেষী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) নেতা গ্রাহাম ও রুনির ভাই রবিনসন কিছু একটা নিয়ে ফুর্তি করছেন। পাশে থাকা অপরিচিত তৃতীয় একজন গলা ফাটিয়ে বলছেন: ‘টমি রবিনসন আমাদের নতুন স্পন্সর।’

রবিনসন আবার জবাবে বলছেন: ‘এগিয়ে যাও (গ্রাহাম) রুনি।’ গ্রাহাম অবশ্য কিছুই বলেননি। ক্যামেরার দিকে তাকিয়ে একটু হেসেছেন মাত্র।

ভিডিওটি করা হয়েছে, লিভারপুল সিটির একটি ভেন্যুতে পুলিশের সামনে কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে একটি র‍্যালিতে বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পর।

ইংল্যান্ড জাতীয় দল ও ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রুনির মধ্যে কখনোই রাজনীতি নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। রাজনীতি নিয়ে নিজের মতাদর্শ নিয়েও কখনো স্পষ্ট কিছু বলেননি। এমন অবস্থায় উগ্র ডানপস্থির রাজনীতিকের সঙ্গে নিজের ভাইয়ের মাখামাখিতে রুনি চটেছেন বলে জানিয়ে ব্রিটিশ দৈনিক দ্য সান।

এ ব্যাপারে রুনির এক বন্ধু সংবাদপত্রটিকে বলেছেন, “ওয়েইন রুনি গত ১৭টি বছর বিভিন্ন ধর্মাবলম্বি, বর্ণ ও গোত্রের খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন। গ্রাহাম যা করেছে তাতে সে অনেক রাগ করবে। পরিবারের জন্য সে লজ্জা বয়ে এনেছে।”

উল্লেখ্য, ছোট বেলায় একসঙ্গেই ফুটবলে হাতেখরি হয়েছিল গ্রাহাম রুনি ও ওয়েইন রুনির। পরবর্তীতে পেশাদার ফুটবলার হয়ে উঠতে পারেননি গ্রাহাম।