পিরোজপুরের নাজিরপুরে অসহায় বর্গাচাষি দাউদ আলী ফকিরের ধান মাঠ থেকে কেটে দিলেন ‘কনসার্টেড ইম্পিরিয়াল ক্লাব’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০জন সদস্য।
বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের পাকুরিয়া গ্রামে মাঠ থেকে এ ধান কর্তন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই গ্রামের বর্গাচাষি দাউদ আলী ফকিরের সাড়ে চার একর জমির ধান কেটে দেয়।
এ ব্যাপারে উপজেলার পাকুরিয়া গ্রামের বর্গাচাষি দাউদ আলী ফকির বলেন, অনেক কষ্ট ও ধারদেনা করে অন্যের জমিতে তিনি ইরি ধান রোপণ করেন। ধান পাকলেও শ্রমিক সংকট এবং অধিক শ্রমের মূল্য দাবি করায় তিনি ধান কাটতে পারেননি। ধান কাটতে না পারায় এক পর্যায়ে তিনি অসহায় হয়ে পড়েন।
বিষয়টি জানতে পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান কৃষি উপজেলা সদরের ‘কনসার্টেড ইম্পিরিয়াল ক্লাব’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে স্বেচ্ছায় তার ধান কাটা কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচির আলোকে ওই সংগঠনের সভাপতি হৃদয় খানের নেতৃত্বে দাউদ আলীর জমির ধান কেটে দেয় তারা।
স্থানীয় কৃষক মোস্তফা খান বলেন, ধান পাকার সাথে সাথে শ্রমিকের অভাবে কাটতে না পারায় দাউদ আলীর অনেক ধান ঝরে নষ্ট হয়েছে। তার পরেও এই শিক্ষার্থীরা তার খেতের ধান কেটে দেওয়ায় তার অনেক উপকার হবে।
ধান কাটতে যাওয়া ‘কনসার্টেড ইম্পিরিয়াল ক্লাব’র সভাপতি হৃদয় খান জানান, এবার এ উপজেলায় ধান কাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। অপরদিকে ধানের দাম কম। তাই কৃষকের অনেক কষ্ট। তাই কৃষকের প্রতি সমবেদনা জানাতে ও তাদের দুঃখ ভাগাভাগি করে নিতে তারা ধান কেটে দিতে এসেছেন।
ওই সংগঠনের সদস্যদের ধান কাটা দেখতে আসা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, জমির ধান পেকে পড়ে যাচ্ছিল। টাকার অভাবে ওই কৃষক ধান কাটতে পারছে না। এ ঘটনা জানতে পেরে কৃষকের প্রতি সমবেদনা থেকে এই ক্লাবের সদস্যরা ওই জমির ধান কেটে দিচ্ছে। নবম-দশম থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ওই জমি ধান কাটছে। তারা সকলেই ওই সংগঠনের সদস্য। এটা তাদের একক অবদান । আমি তাদের কাজে উৎসাহ দিতে এখানে এসেছি।