কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নাগেশ্বরী পৌরসভার মেয়র আবদুর রহমান মিয়াকে ১৫ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত।
গতকাল বুধবার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আশিখুল কবিরের আদালতে পৌর মেয়র জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে তিনি চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। গতকাল বুধবার সেই মেয়াদ শেষ হয়।
দুদকের আইনজীবী এস এম আব্রাহাম লিংকন জানান, গত ১৪ মার্চ রংপুর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক নুর আলম দুর্নীতি প্রতিরোধ আইনে মেয়রের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেন।
দুদকে অভিযোগ গঠনের পর তিনি নাগেশ্বরী পৌরসভা শিরোনামে সোনালী ব্যাংক শাখায় ১৫ লাখ ৯৪ হাজার টাকা জমা দেন।
কিন্তু কমিশনের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী, আত্মসাৎ করা টাকা পরে ফেরত দিলেই অপরাধের দায় থেকে মুক্তি পাওয়া যায় না মর্মে প্রতীয়মান হয়।