খাগড়াছড়িতে ইজিবাইক চলবে স্মার্ট কার্ড ও ডিজিটাল নম্বরে

খাগড়াছড়ি পৌর শহরে ডিজিটাল নম্বরযুক্ত স্টিকার ও স্মার্ট কার্ডের আওতায় এলো ব্যাটারিচালিত (ইজিবাইক) টমটম। গতকাল বুধবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে মেয়র রফিকুল আলম এই স্মার্ট কার্ড ও ডিজিটাল নম্বরযুক্ত স্টিকার টমটমে লাগানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভীন আক্তার খন্দকার, পৌর কাউন্সিলর শাহ আলমসহ পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌর শহরে মোট ১ হাজার ৫০০টি টমটম দক্ষ চালকদের স্মার্ট কার্ড ও ডিজিটাল নম্বরযুক্ত স্টিকার দেওয়া হবে। ডিজিটাল নম্বর সংযোজনের ফলে পৌর শহরে টমটমের যত্রতত্রভাবে চলাচল ও অবৈধ টমটমের উপদ্রব কমবে। সে সঙ্গে অভিজ্ঞ চালকদের স্মার্ট কার্ড দেওয়ার ফলে অপ্রাপ্ত বয়স্ক ও অনভিজ্ঞ চালকদের দৌরত্ম্য কমবে।

স্টিকার ও স্মাট কার্ড বিতরণকালে মেয়র রফিকুল আলম বলেন, পৌর শহরে যানজট নিরসনসহ বিভিন্ন দিক বিবেচনা করে শহরে টমটম চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।