বাগেরহাটের ফকিরহাটে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দিনমজুরসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল করিম শেখের ছেলে রকমতউল্লাহ শেখ (৬৫) ও একই গ্রামের দ্বিজবর দাসের ছেলে সুবোধ দাস (৪৪)।
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন, বুধবার দুপুরে ওই গ্রামের রকমতউল্লাহ শেখ তার বাড়ির শুকিয়ে যাওয়া সুপারি গাছ কাটতে প্রতিবেশী দিনমজুর সুবোধ দাসকে ডেকে আনেন। দিনমজুর সুবোধকে নিয়ে রকমতউল্লাহ সুপারি গাছ কাটার সময়ে একটি গাছ রাস্তার বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এ সময় তারা দুজনে ওই গাছটিকে তারের ওপর থেকে টেনে নামানোর সময়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ওসি আবু জাহিদ শেখ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎস্পর্শেই তাদের মৃত্যু হয়েছে।