বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় ২ ইউপি সদস্য নিহত

ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

বগুড়ার কাহালুতে দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল মকিম (৬০) নামে এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই দুই ইউপি সদস্য বাবর আলী ও আব্দুল বাসেদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুল মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত