অধিনায়কের প্রশংসায় ভাসছেন নুয়ান প্রদীপ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম দিনে শ্রীলঙ্কা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে ৩৫ রানে জিতেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট নেন নুয়ান প্রদীপ। ম্যাচেসেরাও হন তিনি। ম্যাচ শেষে এ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

শ্রীলঙ্কার করা ৩২২ রানের জবাবে ভালোই করছিল স্কটল্যান্ড। কিন্তু ১১ ও ১৩তম ওভারে ২ উইকেট তুলে নেন প্রদীপ। উইকেট হারিয়ে স্কটল্যান্ডের রান তোলায় আসে ধীরগতি।

করুণারত্নে বলেন, ‘‘যখন স্কটল্যান্ড ভালো খেলছিল আমি নুয়ানের (প্রদীপ) সঙ্গে কথা বলি এবং তাকে বলি বাউন্সার দিতে। সে এটা ভালোমতো করেছিল এবং আমরা তাদের চাপে ফেলতে সক্ষম হই।’’

স্কটল্যান্ড ২৭ ওভারে ৩ উইকেটে ১৩২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। দেড় ঘণ্টা বৃষ্টির পর খেলা আবার শুরু হলে তখন ডি/এল মেথডে স্বাগতিকদের দরকার ছিল ৭ ওভারে আরও ১০৩ রান।

এরপর লাকমল ২ উইকেট তুলে নিলেও জর্জ মুনসি একপ্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলছিলেন। শেষ তিন ওভারে স্কটল্যান্ডের দরকার ছিল ৫০ রান, হাতে ৫ উইকেট। কিন্তু প্রদীপ একই ওভারে প্রথমে ইয়র্কারে মুনসি (৬১) এবং পরের বলে শরিফকে (০) ফিরিয়ে ম্যাচ নিজেদের পক্ষে আনেন।

করুণারত্নে বলেন, ‘‘ইয়র্কার করা সহজ নয়, বৃষ্টির কারণে বল ভিজা থাকলে তা আরও কঠিন। ভালোমতো বল করতে না পারলে ছক্কা হবে। কিন্তু নুয়ান জানে তাকে কীভাবে বল করতে হবে এবং সে সোজা ইয়র্কার মেরেছে। আমি আশা করি সে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাবে।’’