নার্সের ভুল ইনজেকশনের কারণে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী সংকটাপন্ন মরিয়ম সুলতানা মুন্নীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়। খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রায় ৩০ ঘণ্টা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে পাঠানো হলো।
ওই ছাত্রীর বাবা মো. মোশারফ হোসেন বলেন, পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় গত মঙ্গলবার সকালে তাকে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্স শাহনাজ পারভিন গ্যাসের ইনজেকশনের বদলে এনেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ভুল ইনজেকশন প্রয়োগে মরিয়ম সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে খুলনা নিয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। জ্ঞান হারানোর ৩৩ ঘণ্টা পার হলেও মুন্নীর অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের উপপরিচালক ড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষত। আশা করি মেয়েটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এরই মধ্যে ড. মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ওই নার্স দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’