ইফতারির ফেরিওয়ালা

ইফতারের বাকি ৪০ মিনিট। রাজপথে খাবারের প্যাকেট ও এক বোতল পানি নিয়ে ছুটছেন আনোয়ারুল হক সাবু নামে এক ব্যবসায়ী। ট্রফিক জ্যামে আটকা মানুষের কাছে গিয়ে বলছেন ‘ভাই রোজা আছেন? এই নেন ইফতার।’ গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটর এলাকায় দেখা যায় এই দৃশ্য।

মগবাজার এলাকার বাসিন্দা আনোয়ারুল হক সাবু পেশায় একজন টাইলস ব্যবসায়ী। প্রথম রোজা থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে বিতরণ করছেন ইফতার। প্রতিদিন তিনি ১০০ প্যাকেট ইফতার ও পানির বোতল বিতরণ করেন। তার দেওয়া ইফতারের ম্যানুতে থাকে একটি খেজুর, আপেল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি। ইফতারের আইটেমগুলো তার বাড়িতে বানানো।

আনোয়ারুল হক সাবু দেশ রূপান্তরকে বলেন, ‘আমি নিজেই প্রথম রমজান থেকে রোজাদারদের মাঝে ইফতারের আগে ইফতারি দিচ্ছি, আমি ছোট থাকতে বাবাকে দেখতাম ছিলিপের মাধ্যমে মানুষকে খাবার দেন। সেই থেকেই আমি অনুপ্রাণিত হয়ে এ কাজ করছি। আমার এ কাজে সব থেকে বেশি সাহায্য করছে আমার স্ত্রী ও মেয়ে, কারণ তারাই খাবার রান্না করে প্যাকেট করছে, আমি শুধু আমার একজন কর্মচারী নিয়ে বিতরণ করছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আমি এ কাজগুলো করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমার কোনো ব্যক্তিস্বার্থ নেই। শুধু আমি না, আমার স্ত্রীও মাঝে মাঝে ইফতারি দিয়ে থাকেন। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার মগবাজার এলাকাতে নিম্নবিত্ত মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করে থাকি।’

সাবুর সঙ্গে কথা বলতে বলতে বাংলামোটর মোড়ে সিগন্যাল পড়ে। তিনি দৌড়ে গিয়ে বিআরটিসি বাসে ওঠেন। যাত্রীদের দেন ৩০ প্যাকেট ইফতার। ওই বাস থেকে নেমে আসা বাকী বিল্লাহ নামে এক যাত্রী বলেন, ‘রাস্তায় যে জ্যাম তাই ইফতার করতে নেমে পড়লাম এখানেই, তবে এ ভাই যেভাবে আমাকে ডেকে ইফতারি দিলেন, তা একজন ভালো মানুষের পক্ষেই সম্ভব।’

বাংলামোটর মোড়ে ইফতারের আগ মুহূর্তে সাবুব ইফতারি পেয়ে ষাটোর্ধ্ব আবদুস ছাত্তার বলেন, ‘এমন কাম কয়জনে করে। আল্লাহ তার যেন ভাল্যা করেন।’