টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ হানিফ (৩৮) নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী মেরিনড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল আব্দুর শুক্কুর, মংথিন প্রো ও জুয়েল বড়ুয়া। ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন নাটমুরা পাড়া এলাকার মৃত কাসেম আলীর ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক আসামি ইয়াবা কারবারি হানিফের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবা, অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে যায়।

এই সময় তার সহযোগীরা পুলিশ উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। এরপর ঘটনাস্থলে আটক মাদক কারবারি হানিফ গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বন্দুকযুদ্ধে নিহত হানিফ  হ্নীলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকার চিহ্নিত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।