পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইঙ্গিত

গতবারের ভোটে পশ্চিমবঙ্গে হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল বিজেপি। এবার সেখানে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। চূড়ান্ত ফল জানা যাবে রাতে। তার আগে প্রাথমিক ফল থেকে জানা গেছে, ইতিমধ্যে প্রায় দশটির মতো আসন দখল করে ফেলেছে নরেন্দ্র মোদির দল।

বাংলাদেশের প্রতিবেশী এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য এতদিন প্রায় এক একচেটিয়া ছিল। ৪২টি আসনের মধ্যে ৩৮টির মতো আসন থাকত তার দখলে। এবার কে জিতবে সেটি এখনই বলা যাচ্ছে না, তবে এতটুকু নিশ্চিত আগেরবারের মতো অত আসন মমতা ধরে রাখতে পারবেন না।

এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, সারা দেশের হিসাবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। বুথ ফেরত জরিপগুলোতেও এমনই ইঙ্গিত মিলেছিল।

এনডিটিভির প্রচারিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, ৫৪২টি আসনের মধ্যে ৩৩৩টির গণনায় বিজেপি জোট ১৯৫টি, কংগ্রেস জোট ৮০টি এবং জোটের বাইরের দলগুলো ৫৮টি আসনে এগিয়ে আছে।

প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন জোট দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছে। তবে তাদের আসন সংখ্যা কমছে। অন্যদিকে পিছিয়ে থাকলেও আসন বাড়ছে কংগ্রেস জোটের।

এছাড়া দুই জোটের বাইরের দলগুলোর আসন সংখ্যা কমছে। যদিও ফল প্রকাশের আগে বলা হয়ছিল, দুই জোটের বাইরের দলগুলোর আসন বাড়বে।