‘অন্ধকার কক্ষে আটকে রাখা হয়, জনগণের দোয়ায় নতুন জীবন পেয়েছি’

রহস্যজনকভাবে নিখোঁজের তিন মাস ২৩ দিন পর বাড়ি ফিরে এসেছে নাটোরের যুবলীগ নেতা জামিল হোসেন মিলন। নিখোঁজের সময় তিনি আওয়ামী লীগ থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার ভোরে একাই বাড়ি ফেরেন মিলন। তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।

সাংবাদিকদের এই যুবলীগ নেতা বলেন, “আমাকে অন্ধকার একটি কক্ষে আটকিয়ে রাখা হয়েছিল। জনগণের দোয়ায় নতুন জীবন পেয়েছি।”

তবে কে বা কারা তাকে আটকে রেখেছিল তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মিলনের বাবা এমদাদুল হক নিয়াজি বলেন, গত ফেব্রুয়ারিতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার ছেলেকে তুলে নিয়ে যায়। পরে মিলনের সন্ধানে সদর থানা ও র‌্যাব অফিসে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।