‘ভারত আবার জয়ী হলো’

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন নিশ্চিত হওয়ার পর টুইট করেছেন নরেন্দ্র মোদি। মোদি লিখেছেন, ‘ভারত আবার জয়ী হলো।’

ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় জয় পাওয়ার পর টুইটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। একসঙ্গে আমরা শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলব। ভারত আবার জয়ী হলো। #বিজয়ীভারত।’

এর আগে লোকসভা নির্বাচন নিয়ে টুইটারে প্রাথমিক প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

টুইটারে তিনি লিখেন, “বিজয়ীদের অভিনন্দন। পরাজিত হওয়া মানেই হার নয়।”

নির্বাচনের সার্বিক ফল নিয়ে মমতা বলেন, “বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর নিজেদের মতামত জানাব। আগে গণনা প্রক্রিয়া সম্পন্ন হোক। মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাটগুলো।”

বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গেও উত্থান হয়েছে বিজেপির।

এনডিটিভির লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৫৪২ আসনের মধ্যে ৩৪৯টি পেতে যাচ্ছে এনডিএ জোট। একক দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৯৭টি। সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২টি আসন।