টুইটার একাউন্টের নাম থেকে চৌকিদার শব্দটি সরিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদি।
মোদি জানিয়েছেন, এখন থেকে এই শব্দটি তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে।
নাম পরিবর্তনের পর মোদি এক টুইট বার্তায় বলেন, চৌকিদার শব্দটির চেতনাকে এখন নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সময় এসেছে। এই চেতনাকে সর্বদা জাগ্রত রাখুন এবং ভারতের উন্নয়নের জন্য কাজ করে যান।
'চৌকিদার শব্দটি টুইটার নাম থেকে চলে গেছে কিন্তু এটি আমার অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাবে'।
এ সময় তিনি অন্যদেরও নাম থেকে চৌকিদার শব্দটি মুছে ফেলার অনুরোধ করেন।
তিনি বলেন, 'ভারতের মানুষ এখন সবাই চৌকিদারে পরিণত হয়েছে এবং দেশের জন্য মহান কাজ করছেন'।
এ বছরের মার্চ মাসে মে ভি চৌকিদার নামে একটি প্রচারণা শুরু করে বিজেপি।
এর অংশ হিসেবে নরেন্দ্র মোদিসহ দলটির নেতাকর্মীরা নিজের নামের আগে চৌকিদার যুক্ত করেন।
জাতীয় স্বার্থ রক্ষায় নিবেদিত প্রহরী হিসেবে নিজেকে আখ্যায়িত করে এ খেতাব যুক্ত করেন তারা। সেসময় এই প্রচারণার সমালোচনা করে কংগ্রেস চৌকিদারকেই চোর দাবি করেছিল।